জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের ওবায়দুল কাদের
সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না: কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। তিনি বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে। তিনি নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।

আজ বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের দরকার হবে না। দেশে ফ্রি, ফেয়ার ও নিউট্রাল গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

জাতীয় নির্বাচনের আগে ফৌজদারী মামলার আসামিদের গ্রেফতার করা হবে এমন ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইনের চোখে যারা অপরাধী তাদের নির্বাচনের আগে গ্রেফতার না করার কোনো কারণ নেই।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোনো ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোনো প্রাসাদ নেই।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, নয় মাসে যা পারলেন না, তা তিন মাসে পারবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.