আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রোববার সকাল সাড়ে টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়। তার আগেই জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জনস্রোত নামে।
জানাজাস্থলে আসেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রায় সব নেতা, ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীসহ মরহুমের শুভানুধ্যায়ীরা।
জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয় সৈয়দ আশরাফকে। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল, মন্ত্রিপরিষদ সদস্যরা মরদেহে শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুঁসফুঁস ক্যানসারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।