Tuesday, September 15

সৌদির কাছে স্পেনের বোমা বিক্রির চুক্তি বাতিল

0

ইয়েমেনের স্কুলবাসে সৌদি বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার জের ধরে সৌদি আরবের কাছে ৪০০ অত্যাধুনিক বোমা বিক্রির পরিকল্পনা বাতিল করেছে স্পেন।
এসব বোমা কেনার জন্য ৯২ লাখ ডলার এরই মধ্যে পরিশোধ করেছে সৌদি সরকার। খবর আনাদোলুর।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে বোমা কেনা বাবদ যে ৯২ লাখ ডলার দেয়া হয়েছিল তা শিগগিরই রিয়াদকে ফিরিয়ে দেয়া হবে।

ওই মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইয়েমেনের নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর এ বোমা ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা থাকায় এর বিক্রি বাতিল করা হয়েছে। স্পেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো মোরেনেস এওলেত সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির ওই চুক্তি করেছিলেন।

কিন্তু সম্প্রতি ইয়েমেনে সৌদি আরবের একটি বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর স্পেনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলস চুক্তিটি বাতিল করে দিলেন। তিনি সৌদি আরবের সঙ্গে আরও কিছু সমরাস্ত্র চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির দিক দিয়ে স্পেন বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নাভান্তিয়া রিয়াদের কাছে ১৮০ কোটি ডলার মূল্যের পাঁচটি ছোট যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করেছে। গত এপ্রিলে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ চুক্তি সই করেন। স্পেনের প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ চুক্তিটিও পুনর্বিবেচনা করছে মাদ্রিদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.