Wednesday, July 29

স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

0

দুর্নীতির দায়ে স্যামসাংয়ের উত্তরাধিকারী লি জে ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার তাঁর এই সাজা ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান।

দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে লির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ৩ কোটি ৬৩ লাখ ডলার (৪৩ বিলিয়ন উন) ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্লামেন্টে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।

স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হির ছেলে লি জে-ইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ১৪ ফেব্রুয়ারি আইনজীবীরা তাঁকে গ্রেপ্তারের জন্য দ্বিতীয়বার আরজি পেশ করেন। তাঁরা এ সময় আরও সাক্ষ্য-প্রমাণ হাজির করার কথা বলেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি স্মার্টফোন বাজারে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে স্যামসাংকে। গত ২৩ আগস্ট নিউইয়র্কে নোট ৮ স্মার্টফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমান বিশ্বে বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। তথ্যসূত্র: এএফপি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.