মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরী ও জেলার রাষ্ট্রায়ত্ত ১০টি পাটকলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাটকলের শ্রমিক-কর্মচারীরা। এতে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২ এপ্রিল) ভোর থেকে সড়কে নেমেছেন পাটকল শ্রমিকরা। সকালে নগরীর বায়েজিদ বোস্তামির আমিন জুট মিলের সামনে গিয়ে দেখা যায়, সেখানে সড়কের উপর শুয়ে-বসে, বিভিন্ন ধরনের যানবাহন আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সড়কের ওপর টায়ারেও আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে আমিন জুট মিলের সামনের সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি ছেড়ে দিতে দেখা যায় শ্রমিকদের।ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। ‘শ্রমিকরা রাস্তায় আছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে জানিয়ে নগর পুলিশের
উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, যানবাহন চলাচলে কোনো বাধা তারা দেবে না। তবে সকাল থেকে আমিন জুটমিল এলাকা দিয়ে গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। আমরা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি।’বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে গত ২ মার্চ থেকে এই আন্দোলন চলছে।