হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার সুলাইমান মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৪ সদস্য। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার ডেউয়াতলি কালিনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক বলেন, কালিনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশ সেখানে পৌঁছা মাত্র ডাকাতদল পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ৪ পুলিশ সদস্য এএসআই সাদেক, কনস্টেবল কবির হোসেন, মাহী আহমেদ ও শাহীন আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।