সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আগে জেসমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিচারক কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন, যা সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর তার সাজা থেকে হাজতবাসকালীন সময় বাদ যাবে।
হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দিকে এই রায়ের জন্য বুধবার আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন।পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ১১ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে।