Tuesday, September 1

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

0

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকেও আসামি করা হয়েছে। বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ঘিরে বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। এর মধ্যে গতকাল পৌনে ৫টার দিকে সুপ্রিম কোর্ট এলাকার বাইরে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জাতীয় ঈদগাহ, হাইকোর্ট মাজার গেট ও বার কাউন্সিল ভবনের সামনে এই ঘটনা ঘটেছে। মূল সড়কের পাশেই এসব ঘটনা ঘটেছে। রাস্তায় তখন প্রচুর যানবাহন ও মানুষের ভিড় ছিল। এর মধ্যে কীভাবে এসব ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঘটনাটিকে নাশকতা বলেই মনে করছেন তারা। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.