Sunday, September 20

হাটহাজারীর ত্রিপুরাপাড়ার তিন শিশুকে বিআইটিআইডিতে স্থানান্তর

0

চট্টগ্রামের হাটহাজারীর উদালিয়ার ত্রিপুরা পল্লীর রোগাক্রান্ত তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ১৯ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতেই তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফৌজদারহাটের এই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ত্রিপুরাপল্লীতে ছয়মাস থেকে ১৫ বছরবয়সী শিশুদের তালিকা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেয়া হবে। এছাড়া তারা সকলেই টিকা নিয়েছে কি না তা দেখা হবে।

এদিকে ঘটনা তদন্তে ঢাকা থেকে দুটি পর্যবেক্ষক দল আজ সোমবার সকালে হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। সকালে তারা আক্রান্ত শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দক্ষিণ উদালিয়ার সোনাইরকুল দূর্গম ত্রিপুরা পল্লীতে অন্ন বালা ত্রিপুরা (৭) নামের এক শিশু মারা যায়।
এর আগে ২১ আগস্ট মঙ্গলবার অন্ন রায় ত্রিপুরা (৫) ২৪ আগস্ট শুক্রবার সম রায় ত্রিপুরা (৩) ও কিশা মনি ত্রিপুরা (৩) নামের তিন শিশু মারা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.