লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লাইজু আক্তার (১৬) নামে এক ছাত্রী বিষ পান করে আত্মহত্যা করেছে।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লাইজু আক্তার ওই এলাকার জেল হকের মেয়ে ও পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী।
স্থানীয়রা জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই ফলাফলে সে ফেল করায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।