Wednesday, August 19

হাতীবান্ধায় কেরোসিন স্প্রে করে সড়ক সংস্কার

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডেম্বুর বাড়ি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণের ১৫ দিনের মধ্যে কার্পেটিং উঠে যাচ্ছে। সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে ও পুনঃ সড়ক নির্মাণের দাবীতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ফলে হঠাৎ করে গোটা সড়কে বিটুমিনের পরিবর্তে কেরোসিন তেল স্প্রে করে তার উপর ভেজা বালু ছিটিয়ে সড়ক সংস্কার করেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের উওর পাশে সুচনা মিনেমা হলের পশ্চিম পাশে ডেম্বুর বাড়ি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। সড়কটি নির্মাণের দায়িত্ব পায় সজীব নামে এক ঠিকাদার। ২০১৮ সালের ৭ অক্টোবর ৬ শত ৭০ মিটার এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও দীর্ঘ ২ বছরে তা নির্মাণ করা হয়নি। গত ১৫ দিন আগে সড়কটি কার্পেটিং করা হয়। কার্পেটিং কাজ রাতে করায় ও নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ১৫ দিনের মধ্যে কার্পেটিং উঠে যেতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে গত শুক্রবার বিকালে হঠাৎ করে ঠিকাদারের লোকজন গোটা সড়কে কেরোসিন তেল স্প্রে করে বালু ছিড়িয়ে সড়ক সংস্কার করেন। যা দেখে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

ওই সড়কের পথচারী আব্দুল রাজ্জাক, লতিফ ও কাবদালী বলেন, কার্পেটিং’র পরের দিন থেকেই সড়কের পাথর উঠে যাচ্ছে। কয়েক দিন পর পর দেখা যায় ঠিকাদারের লোকজন এসে সড়ক ঝাড়– দিয়ে পরিস্কার করে দিচ্ছে। আজ দেখলাম কেরোসিন তেল স্প্রে করছে। ওই সড়কের অপর পথচারী সাংবাদিক আসাদুজ্জামান সাজু বলেন, এ সড়ক নির্মানে অনিয়মের বিষয়ে নির্বাহী প্রকৌশলী, ইউএনও, স্থানীয় প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলেছি। তাদেরকে ব্যক্তিগতভাবে একাধিকবার অনুরোধ করেছি সড়কটি পুনঃ সংস্কার করে দেয়ার জন্য। কিন্তু স্থানীয় প্রকৌশলী নজীর হোসেনের সহযোগীতায় ঠিকাদার সংস্কারের নামে নাটক শুরু করেছে। যা অত্যান্ত দুঃখজনক।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজীর হোসেন ওই সড়কে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ স্বীকার করে বলেন, ইতোমধ্যে ঠিকাদার সড়কটি সংস্কার করে দিয়েছেন। তবে ঠিকাদার সজীবের দাবী সড়ক নির্মাণে কোনো অনিয়ম হয়নি।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, ওই সড়ক নির্মাণে অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.