লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রত্র তৈরীর অপরাধে রবিউল ইসলাম (২৩) ও আতিয়ার রহমান (৪৮) নামে ২ জনকে ২৫ দিনের করে কারাদন্ড প্রদান দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন দুই কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও আতিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে ২৫ দিনের করে কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত রবিউল ইসলাম টংভাঙ্গা এলাকার রহুল আমিনের ও আতিয়ার রহমান ধুবনী এলাকার মেনাজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানে ভুয়া জন্ম নিবন্ধন পত্র তৈরী করা হচ্ছে এমন একটি সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতীবান্ধা সাব রেজিষ্টার অফিস এলাকা থেকে রবিউল ইসলাম ও ধুবনী তিস্তা মোড় এলাকা থেকে আতিয়ার রহমান নামে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন প্রত্যেককে ২৫ দিনের করে কারাদন্ড প্রদান করেন। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।