মঈন বাঙ্গালী, চট্টগ্রাম (হাটহাজারী)প্রতিনিধি : হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘হালদা নদীর দূষণরোধ ও জীব-বৈচিত্র রক্ষায় জনসচেতনতা কার্যক্রম’র উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেছেন- এশিয়ার একমাত্র মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র এই হালদা নদী আমাদের সম্পদ, এ নদীর জীব-বৈচিত্র রক্ষায় কোনো ছাড় নয়।
দূষণে জড়িতের দায়ে সম্প্রতি পরিবেশ অধিদপ্তর কর্তৃক উৎপাদন বন্ধের শাস্তি পাওয়া নন্দিরহাটস্থ এশিয়ান পেপার মিলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন- সে যতো প্রভাবশালীই হোক, নদী দূষণ বা মৎস্য শিল্পের ক্ষতি যে বা যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং এর জন্য তিনি ডিম সংগ্রহকারী, এলাকাবাসী ও সাংবাদিকদের প্রশাসনকে সহায়তার আহবান জানান।
তিনি সবাইকে নিয়ে হালদা পাড় পরিদর্শন এবং রুই ও কার্পজাতীয় মৎস্য পোনা অবমুক্ত করেন।
নদীতে অবমুক্তির জন্য পোনা সংরক্ষণ করা গড়দুয়ারা ইউনিয়নের হালদার পাড়স্থ নোয়াহাট সংলগ্ন মাইজ্জারটেক-এ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন কর্তৃক বাস্তবায়নকৃত উপজেলা মডেল পুকুর’টি পরিদর্শন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠিত সভায় আরো ছিলেন- হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সহকারী কমিশনার ভূমি সম্রাট খিসা, হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ ও মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বঙ্গবন্ধু পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক তরিকুল কালাম তুহিন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ডিম সংগ্রহকারীবৃন্দ।