Monday, September 7

হাসপাতালের ছাড়পত্র পেলে যাত্রীদের আনা হবে

0

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছয় সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বিমানের পরিচালক (ফ্লাইট সেফটি) ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে।
বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ (জনসংযোগ) আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল জানান, আহত যাত্রীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি প্রথম আলোকে বলেন, মিয়ানমারের হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের ছাড়পত্র দেওয়া হয়নি। ছাড়পত্র দেওয়া হলে দ্রুতই তাঁদের ফিরিয়ে আনা হবে।

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া বিমানের আহত ১৪ জন যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বাকি চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে দুর্ঘটনাকবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি। তাঁদের ছাড়াই বিমানের বিশেষ ফ্লাইটটি আজ ভোরে ঢাকায় ফেরত এসেছে।

বাংলাদেশ সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। পরে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে রাত ১১টা ২৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইট মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.