কিকিউ মারমা, বান্দরবান : বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত রাজস্থলী উপজেলার ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান (মৌজা প্রধান) দীপময় তালুকদারের হত্যকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্ত,হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুরে বান্দরবান বোমাং হেডম্যান এসোসিয়েশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান বোমাং সার্কেলের চীফ রাজা উচপ্রু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান ও বোমাং সার্কেলের সকল হেডম্যানদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিমং প্রু, রুমা উপজেলার হেডম্যান লালয়িান বম, রাজকুমার নু মং প্রু, রোয়াংছড়ি উপজেলার হেডম্যান সাশৈপ্রু মার্মাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুরে হেডম্যান দ্বীপময় তালুকদার ঠিকাদরী কাজের স্থান থেকে ফেরার পথে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত দুস্কৃতিকারীরা। পরে বুধবার সকালে রাজস্থালী উপজেলার তাইতং পাড়ার জঙ্গলে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।