সরওয়ার জামান: আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে হেফাজতে ইসলামের এক সংবাদ সম্মেলনে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, অত্যাচার ও গণহত্যা বন্ধ না করলে ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা কিছুতেই মেনে নেয়া যায় না। এ গণহত্যা বন্ধ না করলে ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। আর ২১ সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে। এর আগে ১৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ ও গণমিছিলের আয়োজনের ঘোষণা দিয়েছেন।
জুনাইদ বাবুনগরী আরও বলেন, এ গণহত্যা বন্ধ না হলে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে আরাকান অভিমুখে (রাখাইন রাজ্য) লংমার্চ করা হবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, গণহত্যা বন্ধ করতে মিয়ানমারের ওপর কঠোর কূটনৈতিক চাপ সৃষ্টি করুন। এসব গণহত্যা বন্ধে কুটনৈতিক কর্ম পন্থা ব্যার্থ হলে প্রয়োজনে সরকার কর্তৃক মিয়ানমারের বিরুদ্বে জিহাদ ঘোষনা করা হলে বাংলার ষোল কোটি মানুষ সরকারের পক্ষেই কাজ করবে।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মুফতী ফয়জু্ল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা লোকমান প্রমুখ।