Wednesday, September 16

১৮ জানুয়ারি মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

0

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২০১৯ সালের ১৮ জানুয়ারি। ‘কণ্ঠ’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

ভারতীয় রেলের অফিসার বিভূতি চক্রবর্তীর স্বরে বাসা বেঁধেছিল ক্যানসার। সেই রোগের বিরুদ্ধে লড়াইয়ে স্বরই হয়ে উঠেছিল তার অন্যতম হাতিয়ার। তীব্র ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল রোগ।

বছর দেড়েক আগে মারা যান বিভূতি চক্রবর্তী। তার শ্বাসনালীতে ক্যানসার ধরা পড়েছিল ১৭ বছর আগে। অস্ত্রোপচারের পরে তিনি হারিয়েছিলেন গলার স্বর। দীর্ঘ লড়াই চালিয়ে, খাদ্যনালীর সাহায্যে ফের ফিরে পেয়েছিলেন সেই আওয়াজ। নিজে সুস্থ হয়েই থামেননি। শ্বাসনালীতে ক্যানসার হলে কীভাবে অস্ত্রোপচারের পরে খাদ্যনালীর মাধ্যমে আওয়াজ ফিরে পাওয়া যেতে পারে, তা নিয়ে বই লিখেছিলেন। ক্যানসার আক্রান্তদের থেরাপিও করাতেন।

ক্যানসার ও এর বিরুদ্ধে লড়াই— সাধারণ মানুষকে এই দুই বিষয়ে ওয়াকিবহাল করতেই শিবপ্রসাদ-নন্দিতা পর্দায় তুলে ধরছেন বিভূতির জীবন। আর বিভূতির চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ। জয়া আছেন তার থেরাপিস্টের ভূমিকায়। বিভূতির স্ত্রীর চরিত্রে আছেন পাওলি দাম।

কলকাতায় রাজকাহিনী সিনেমায় অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন জয়া। এই সিনেমাতে কাজ করার সময় ‘কণ্ঠ’তে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘শিবুদার কাজ আমার ভীষণ পছন্দের। তাই এ সিনেমাতে চুক্তিবদ্ধ হতে পেরে আমি দারুণ খুশি। সিনেমার গল্পটা ১৫ বছর আগের লেখা। নানা জটিলতার কারণে এতদিন এর কাজ আটকে ছিল। সিনেমার কাজ অনেক ভালো হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে শুনেই অনেকে ভালো লাগছে।’

‘কণ্ঠ’ ছাড়া কলকাতায় জয়া অভিনীত মুক্তির তালিকায় ‘এক যে ছিল’, ‘ঝরা পালক’ ও ‘বৃষ্টি তোমাকে দিলাম’ সিনেমাগুলো রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.