Wednesday, August 26

২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জনের লক্ষ্য: প্রধানমন্ত্রী

0

আগামী ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এবছর পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষি খাতের উন্নয়নে ২০ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে।

জাতীয় সংসদে প্রতি বছর বাজেট পেশসহ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু এ বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতার পুরোটা পাঠ করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্য পড়ে দেন। সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। এক জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.