
মানহানির ২টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, ঢাকা ও নড়াইলে দায়ের করা দুটি মানহানির মামলায় খালেদা জিয়াকে প্রথমে হাইকোর্ট ছয়মাসের জামিন দিয়েছিলো। পরে ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তা বর্ধিত করার আবেদন করি। আদালত শুনানি শেষে জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে।
এর আগে গত ১৩ আগস্ট এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এ মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। রায়হান ফারুকী নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধার ছেলে মামলাটি করেন।
এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এর পর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।
২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এর পর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত বছরের ১৪ আগস্ট আদালত তাকে ছয় মাসের জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।