Tuesday, September 15

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৩১৪ জন

0

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকের পর ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। মঙ্গলবার কমিশনের ১২তম বিশেষ বৈঠক শেষে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ৩৭তম বিসিএসে বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.