প্রকাশ করা হয়েছে চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএস’র চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার এক সভা শেষে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন গণমাধ্যমকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফল প্রকাশ করা হয়।’
বিকেলের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।
প্রসঙ্গত, বিশেষ এই বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ দেয়া হচ্ছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পর গত ৭ মার্চ ভাইবা অনুষ্ঠিত হয়।