Wednesday, August 26

৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড

0

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে গেছে কিউইরা।

হারলেই বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। আর জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।এমন সমীকরণের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর খেলা শুরু হয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল।

প্রাথমিক ধকল সামলিয়ে ওঠার আগেই ফের বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। শাহীন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার কলিন মুনরো। দলীয় ৬.২ ওভারে ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১ পরিত্যক্তে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের ছাড়পত্র পাবেন কিউইরা। জয় নিয়ে শেষ চার নিশ্চিত করতে চায় তারা।

সেখানে সমান ম্যাচে মাত্র ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে টেবিলের সাতে পাকিস্তান। অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আনপ্রেডিক্টেবল দলটি।

ফলে হারের বৃত্তে থাকা সরফরাজরা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তা পুঁজি করে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া তারা।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন গ্রান্ডহোম, ম্যাট হেনরি, লুকি ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.