ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সংযোগ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শনিবার থেকে কেন্দ্রশাসিত কাশ্মীরে ইন্টারনেট চালু হলেও কিছু নিষেধাজ্ঞা বজায় থাকবে।
পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু হলেও আপাতত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কাশ্মীরের বাসিন্দাদের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির
কোনো গুজব বা উস্কানিমূলক বার্তা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপত্যকায় ছড়িয়ে না পড়ে সেজন্য ওই সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।
গত আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়।
কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ চালু হলেও আপাতত টুজি পরিষেবাই পাওয়া যাবে। পোস্টপেড মোবাইলের পাশাপাশি প্রিপেইড সিম কার্ডেও ডেটা পরিষেবাগুলি পাওয়া যাবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিধিনিষেধ তুলে নেওয়ার এই সিদ্ধান্ত আগামী ৩১ জানুয়ারি ফের পর্যালোচনা করা হবে।
শুক্রবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু বিধিনিষেধের সঙ্গে জম্মু ও কাশ্মীরে মোবাইল ডেটা পরিষেবা এবং ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতি দেওয়া হচ্ছে। এই নির্দেশনা ২০২০ সালের ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২০ সালের ৩১ জানুয়ারি এই বিষয়টি আবার পর্যালোচনা করা হবে।