ফরাসি এক গ্রুপের প্রধান বলেছেন, সন্ত্রাসের শিকার বেশির ভাগ মানুষই মুসলিম এবং এটা ইউরোপকে স্মরণ করিয়ে দেয়া জরুরি। ফ্রেঞ্চ টেরর ভিকটিমস অ্যাসোসিয়েশন (এএফভিটি)-র প্রধান দেনিওক্স দে সেন্ট-মার্ক এ কথা বলেছেন।
তিনি বলেন, কোনও সন্ত্রাসী হামলার পর প্রথম ভুক্তভোগী হচ্ছে মুসলিমরা। গত বৃহস্পতিবার থেকে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ওই সম্মেলন শুরুর আগে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেনিওক্স এ কথা বলেন।
দেনিওক্স বলেন, ইউরোপকে এটা স্মরণ করিয়ে দেয়া জরুরি কারণ ধারণা করা হয় যারা সন্ত্রাসী হামলা চালায় তারা মুসলিম এবং ভুক্তভোগীরা অমুসলিম। কিন্তু এটা সত্য নয়। তিনি বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তিদের শতকরা ৮০ ভাগই মুসলিম। তাই চরমপন্থা প্রতিরোধ করা খুবই জরুরি।
এএফভিটি প্রধান আরও বলেন, সন্ত্রাসী হামলার শিকার বহু মুসলিম ভুক্তভোগীকে আন্তর্জাতিক এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তার ভাষায় সন্ত্রাসীদের ধ্বংস করে দেয়া ‘ব্রিজ’ পুনর্নির্মাণ করতে চান তিনি।
উল্লেখ্য, এএফভিটি ও নিস পৌরসভার যৌথ উদ্যোগে তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলন আজ শনিবার শেষ হবে। এই সম্মেলনে ৮০টি দেশের প্রায় ৪৫০ জন সন্ত্রাসী হামলার ভুক্তভোগী অংশ নিচ্ছেন।