আটটি উপজেলায় সাধারণ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের ১৪টি ইউপিতে সাধারণ ও ১০৯ টি ইউপির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণার কথা জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলা ও ইউপিতে মানোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৪ অক্টোবর।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে শেরপুর সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের কোটচাদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যালটে ভোট হবে। এছাড়া নেত্রকোনার আটপাড়া, চাঁপায়নবাবগঞ্জের সদর, ঝিনাইদহ মহেশপুর ও নোয়াখালীর সাতকানিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ ও ইউপিতে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ভোটের জন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।