Wednesday, September 23

৯ দিন গুহায় আটকা ১৩ তরুণ, চলছে উদ্ধার অভিযান

0

থাইল্যান্ডে একটি গুহায় আটকা পড়া ১২ খুদে ফুটবলার আর তাদের কোচের হদিস মিলেছে গতকাল সোমবার। কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই বেঁচে আছে; নিরাপদে আছে। উদ্ধারকারীরা এখন তাদের বের করে আনার চেষ্টা করছেন। অবশেষ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে নয় দিন পর উদ্ধারকারীরা হাফ ছেড়ে বাঁচলেন। খবর সিএনএন ও রয়টার্সের।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে গত ২৩ জুন নিখোঁজ হয় ওই ১৩ জন। তাদের মধ্যে ১২ কিশোরের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য।

২৩ জুন একটি প্রশিক্ষণ পর্বের পর ওই ১৩ জন গুহার ভেতর প্রবেশ করে। এরপর ভারী বর্ষণ আর কাদার কারণে থাম লুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়। ভেতরে আটকা পড়ে তারা। উদ্ধার অভিযানের শুরুতেই গুহার প্রবেশমুখে ওই কিশোরদের বাইসাইকেল খুঁজে পাওয়া যায়। গুহার ভেতরে পাওয়া যায় তাদের হাত ও পায়ের ছাপ। এরপর থেকে ওই কিশোরদের সঙ্গে পুরো থাইল্যান্ডই যেন গুহাটির ভেতর আটকা পড়ে।

দেশটির নৌবাহিনীসহ উদ্ধার অভিযানে যোগ দেন চীন, ভিয়েতনাম, যুক্তরাজ্য থেকে যাওয়া ডুবুরিরাও। অক্সিজেনের ঘাটতি যেন না হয়, সে জন্য গুহায় প্রবেশ করানো হয় কয়েকশ অক্সিজেন ট্যাংক। ভেতরেই তৈরি করা হয় একটি বেস ক্যাম্প। প্রযুক্তির সহায়তা নেয়াসহ নানাভাবে নিখোঁজ খুদে ফুটবলারদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়।

কিন্তু ভারী বর্ষণ উদ্ধার অভিযানকেও ব্যাহত করছিল। ধীরে ধীরে ফিকে হয়ে আসতে চাইছিল খুদে ফুটবলারদের ফিরে পাওয়ার আশা। কিন্তু নিরাশ হতে রাজি ছিল না কেউ।
এই নয় দিন থাইল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যম যেন নিখোঁজ ওই ফুটবলারদেরই দখলে ছিল। তাদের নিরাপদে ফিরে পেতে বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা করেছেন। ‘পর্বতের আত্মার’কাছে জানানো হয়েছে আকুতি।
চিয়াং রাইয়ের প্রাদেশিক গভর্নর নারোংসাক ওসোত্তানাকর্ন গতকাল সাংবাদিকদের বলেন, উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৩ জনকে নিরাপদ অবস্থায় খুঁজে পেয়েছেন।

এখন চলছে উদ্ধার অভিযান। তবে এর মধ্যেই তাদের কাছে যেভাবেই হোক খাবার পৌঁছানো হবে। বেশ কয়েক দিন ধরে তারা না খেয়ে রয়েছে। এ ছাড়া ডুবুরির প্রশিক্ষণ রয়েছে এমন একজন চিকিৎসককেও পাঠানো হবে তাদের কাছে। তিনি জানান, যে জায়গাটায় ওই ১৩ জন আটকা পড়েছে বলে প্রথমে মনে করা হয়েছিল, তার থেকে ৪০০ মিটার দূরে তাদের পাওয়া গেছে। এখনো সবাইকে গুহা থেকে বের করা সম্ভব হয়নি।

তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে এই তরুণদের উদ্ধারে কয়েক মাস সময় লেগে যেতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ তাদের জন্য চার মাসের খাবার ও অন্যান্য সরঞ্জাম গুহায় পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.