২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।
এর আগে সংসদ ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত বাজেটে অনুস্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেটে অনুদানসহ মোট রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৪৯৪ কোটি টাকা। এছাড়া এনবিআর নিয়ন্ত্রিত কর ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা ধরা হয়েছে।
বাজেটে বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ, বৈদেশিক ঋণ ১১ দশমিক ৬ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণ ধরা হয়েছে ১৫ দশমিক ১ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে মোট অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা।
বাজেটের শুরুতে অর্থমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।
এসময় তার উপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান আবুল মাল আবদুল মুহিত।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর ২০১৬-২০১৭ অর্থ বছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।
নতুন অর্থ বছরের এ বাজেট পেশের মধ্য দিয়ে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের এটি একাধারে ৯ বারের মতো বাজেট উপস্থাপন। এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১১তম বাজেট।