সম্প্রতি অভিনেতা ফারুকের বাসায় গিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আর এ নিয়ে চলচ্ছে চলচ্চিত্র পয়াড়ায় নানা গুঞ্জন। ‘যৌথ প্রযোজনা’ ও চলমান সংকট নিয়ে সমঝোতার জন্যই ফারুকের বাসায় গিয়েছিলেন আব্দুল আজিজ। আর এদের মধ্যস্থতায় ছিলেন খল অভিনেতা নানা শাহ। এমনটা জানা গেছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ও চিত্রনায়ক ফারুককে নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে জাজ। অসুস্থ নায়ককে দেখতে গিয়েছিলেন আজিজ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনার নামে নির্মিত ‘যৌথ প্রতারণা’ নিয়ে মুখোমুখি অবস্থানে আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্রের ১৮টি সংগঠন নিয়ে গঠিত এ প্লাটফর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অভিনেতা ফারুক।
সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, কাজী হায়াৎ ও কয়েকজনকে নিয়ে সমঝোতার জন্য ফারুকের বাসায় যান আব্দুল আজিজ। ওই সময় কোনো ধরনের সমঝোতায় রাজি হননি ‘মিয়া ভাই’ নামে পরিচিত এ নায়ক। তিনি সাফ জানিয়ে দেন যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ চলবে না। অনেকক্ষণ অপেক্ষা করানোর পর অতিথিদের দোতলায় ডেকে পাঠান ফারুক। এ সময় নাকি আব্দুল আজিজকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়!
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আলিম উল্লাহ্ বলেন, ‘খবরটি ভিত্তিহীন ও মানহানিকর। মূলত জাজের কর্ণধার আব্দুল আজিজ কিংবদন্তি অভিনেতা জনাব ফারুক সাহেবের শারীরিক অসুস্থতার কারণে উনাকে দেখতে গিয়েছিলেন।
এদিকে নানা শাহের ভূমিকায় ক্ষুব্ধ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জানা গেছে, নানা শাহ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করতেও চাইছেন।