ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আগামিকাল শুক্রবার আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার উপজেলার খিরশীন নামক এলাকায় মা ও শিশু হাসপাতাল কেন্দ্রসহ নানা উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করবেন মন্ত্রী। এদিন সকল উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পত্নীতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম (প্রস্তাবিত) বর্তমান নজিপুর পাবলিক মাঠে বিকাল ২টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অথিথির বক্তব্য দিবেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন, ধামইরহাট-পত্নীতলা আসনের সাংসদ ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু) সহ জেলা পর্যায়ের আ’লীগের নেতা-কর্মি ও সরকারি প্রশাসনের কর্মকর্তারা। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কের মাঝে মন্ত্রীর আগমনী শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও তোরণ (গেইট) সাজানো হয়েছে।