সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তাতেই সায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় অনুযায়ী বাকি তিনজনকে যাবজ্জীবন সাজা খাটতে হবে; আর পলাতক এক আসামি পাচ্ছেন অভিযোগ থেকে মুক্তি।
রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই রায় ঘোষণা করে, যার ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকে। খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় না দিয়ে পুনরায় শুনানির জন্য গত ১০ অক্টোবর আজকের দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
এর আগে খালাফ আল আলী হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত ২২ আগস্ট শুনানি শেষে গত ১০ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১২ সালের ৩০ ডিসেম্বর এ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট ২০১৩ সালের ১৮ নভেম্বর একজনের মৃত্যুদণ্ড, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়ে রায় দেন। আসামিদের মধ্যে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড হাইকোর্টের রায়েও বহাল থাকে। বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পলাতক আসামি সেলিম চৌধুরী খালাস পায়। এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। সেলিম চৌধুরী ছাড়া অপর চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।