বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
আর ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার মোবাইল ফোনে পাঠানো ক্ষুদেবার্তায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ঢাকায় মঙ্গলবার তিন দফা স্থান পরিবর্তন করে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এছাড়া সারা দেশের জেলা ও মহানগরের ২০ দলীয় জোট কর্মসূচী পালন করে।
এদিকে, গত সোমবার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ২০ দলীয় জোট। সেখান থেকে বিএনপি মহাসচিব ও ২০ দলের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না
অন্যদিকে, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাঁরা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দলের অবস্থা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, দলীয় প্রধানের সাজা ও সমসাময়িক রাজনীতির বিষয়ে তাদের অবহিত করেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।