চট্টগ্রাম মহানগরীর ও জেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে এসএসসি পরিক্ষা শুরুর আগমূহুর্তে পরিক্ষাথীদের মোবাইলে পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র পাওয়া গেছে। এ ঘটনায় প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযোগে ফটিকছড়ির একটি কেন্দ্রে ৯ পরিক্ষার্থীকে আটকের পর পুলিশ প্রহরায় পরিক্ষা নেয়া হচ্ছে। অন্যদিকে নগরীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ (বাওয়া স্কুল) কেন্দ্রের বাইরে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র পেয়েছে প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু একটু আগে কেন্দ্রের বাহিরে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনে আজকের পরীক্ষার প্রশ্ন পায় জেলা প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় মূল প্রশ্ন। এসময় শিক্ষার্থীদের কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, পটিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাওয়া স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। কেন্দ্রের বাইরে কিছু শিক্ষার্থীর মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। তাদের প্রহরায় পরীক্ষা নেওয়া হচ্ছে।
এদিকে ফটিকছড়ির বাগান বাজার স্কুলের শিক্ষার্থীরা হেয়াকো বনানী স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। কেন্দ্রের বাইরে ৯ জন শিক্ষার্থীর মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। তাদেরকে পুলিশ আটক করলেও পরবর্তীতে পুলিশ প্রহরায় পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্র সচিব বখতিয়ার উদ্দিন বকুল। ঘটনাস্থলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) গেছেন।