বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থন করার জন্য আদালতে বক্তব্য দিয়েছেন ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে তিনি বক্তব্য উপস্থাপন করেন।
পরে বিচারক আগামী ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। পরে বিচারক মামলার পরবর্তী সময়ে শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন।
এর আগে গত ২ নভেম্বর খালেদা জিয়া দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।