বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই এ দেশে প্রচুর ধান জন্মে। ধানের উৎপাদনও বেশ ভালো। বাংলাদেশে এখন পর্যন্ত ধানের ১৭৫ টি প্রজাতির ক্ষতিকর পোকা সনাক্ত করেছে। তবে এদের মধ্যে ২০-৩০ প্রজাতির পোকাকে ধানের প্রধান ক্ষতিকারক পোকা হিসেবে গণ্য করা হয়। পোকার ক্ষতির মাত্রা পোকার প্রজাতি, পোকার সংখ্যা, এলাকার পরিবেশ, জমি বা তার আশেপাশের অবস্থা, ধানের জাত, ধানগাছের বয়স, উপকারী পরভোজী ও পরজীবি পোকামাকড়ের সংখ্যা ইত্যাদির উপর নির্ভরশীল। ধান ক্ষেতে ক্ষতিকর পোকা দেখা গেলে এর সাথে বন্ধু পোকা যেমন মাকড়সা, লেডি-বার্ড বিটল, ক্যারাবিড বিটল সহ অনেক পরভোজী ও পরজীবি পোকামাকড় কেমন আছে তা দেখতে হবে এবং শুধু প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করতে হবে। ধান ক্ষেতে ক্ষতিকর পোকা চুঙ্গি পোকা তার মধ্যে একটি। আসুন জেনে নেই এ পোকা দমনের উপায়-
লক্ষণ
চুঙ্গি পোকার কীড়া পাতার সবুজ অংশ এমনভাবে খায় যে শুধু পাতার উপরের পর্দাটা বাকী থাকে। কীড়া বড় হলে পাতার উপরের অংশ কেটে ছোট ছোট চুঙ্গি তৈরি করে ভেতরে থাকে। আক্রান্ত ক্ষেতে গাছের পাতা সাদা দেখায় এবং পাতার উপরের অংশ কাটা থাকে। দিনের বেলায় চুঙ্গিগুলো পানিতে ভাসতে থাকে।
প্রতিকার
ধান ক্ষেত তথা আক্রান্ত জমির দাঁড়ানো পানি সরিয়ে দিন এবং মাটি কয়েকদিন শুকিয়ে নিন।
ব্যবস্থাপনা
১. পার্চিং করা বা ডাল পুঁতে দেওয়া।
২. আলোর ফাঁদ ব্যবহার করা।
৩. হাত জাল দিয়ে মথ সংগ্রহ করে ধ্বংস করা।
৪. পরজীবী বা উপকারী পোকার সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য কীটনাশক প্রয়োগ যথাসম্ভব পরিহার করা।
৫. বীজতলায় শতকরা ৫০ ভাগ পাতা এবং জমিতে শতকরা ১৫-২০ ভাগ পাতা আক্রান্ত হলে কীটনাশক ব্যবহার করুন।