আট বছর আগে যে লাহোরে শ্রীলঙ্কার ওপর গুলি ও গ্রেনেড হামলার জেরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেই ফের খেলতে গেল শ্রীলঙ্কা দল। এবার সত্যিকারার্থেই আন্তর্জাতিক ক্রিকেটের আবহ পেল পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।
জিম্বাবুয়ে বাদ দিলে ২০০৯ সালে লাহোর হামলার পর এই প্রথম কোনো আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশ পাকিস্তানে খেলতে এলো।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলার জন্যই পাকিস্তান এলো শ্রীলঙ্কা। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শোয়েব মালিক। আর বল হাতে টর্নেডো চালিয়েছিলেন মোহাম্মদ আমির। মূলত এ দু’জনের হাতেই বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা।
টস জিতে স্বাগতিক পাকিস্তানকেই ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে ফাখর জামান আর উমর আমিন মিলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে তোলেন। ৩১ বলে বাবর আজম ৩৪ রান করে অপরাজিত থাকলেও শোয়েব মালিক ২৪ বলে ৫১ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। শুরুর আঘাতটা হানেন মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ আর ইমাদ ওয়াসিম। এরপর শেষের দিকে লেজমুড়ে দেন আমির একাই। দাসুন সানাকা ৩৬ বলে ৫৪ রান করলেও লঙ্কানদের পরাজয় ঠেকানোর কোনো উপায় ছিল না। তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।