Friday, November 20

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১১জনের ২০বছর জেল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রায় তিন দশক আগে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের দায়ের করা দুই মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হুমায়ুন কবির নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

রোববার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন। গত ১৫ অক্টোবর শেখ হাসিনা হত্যাচেষ্টা ও ১৬ অক্টোবর বিস্ফোরক আইনে মামলার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন (২৯ অক্টোবর) ধার্য করেন আদালত। সেই অনুযায়ী এ রায় ঘোষণা করা হলো।

দুটি মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের এই কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, খন্দকার আমিরুল ইসলাম, গাজী ইমাম হোসেন, মিজানুর রহমান, মো. শাজাহান বালু, আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোড়া হয়। ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা করেন। তদন্ত অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি এ ঘটনার তদন্ত শেষ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দু’টি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামি করা হয় মোট ১২ জনকে।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন সময় মোট ১৯ বার চেষ্টা চালানো হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে হামলার মামলাটিতে এই বছরই রায় হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.