কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ২ ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বিজিবি ।
গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলার নাকারজান সীমান্তের ৯৪১ নং মেইন পিলারের ৩ নং সাব পিলারের পাশে অনুষ্ঠিত বিজিবি – বিএসএফের পতাকা বৈঠকে তাদের ফেরত দেয়া হয় । এসময় বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতের পক্ষে ৪২ বিএসএফ ব্যাটালিয়নের সাবরি কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ইয়াদপ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার শুকারুকুটি সেউটি-২ গ্রামের মৃত রমজান আলীর ছেলে হযরত আলী (৫০) একই গ্রামের হোসেন আলীর ছেলে মিলন মিয়া (২৫) ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সীমান্ত ঘেষা বাংলাদেশী নাগরিক আব্দুল গফুর ও আমজাদ আলীর সাথে চোরাকারবারী লেনদেন বিষয়ে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডতা ও হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে গংগাহাট বিজিবির টহলরত সদস্যরা ঘটনা স্থলে গিয়ে ওই ২ ভারতীয়কে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল খালেক জানান, বিএসএফের পত্রের প্রেক্ষিতে আটক ভারতীয়দের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।