ফেনী-নোয়াখালী সড়কে সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আটজন আহত হয়েছেন।
নিহত তিনজনের মধ্যে একজনের নাম শ্রাবণ, অন্যজনের নাম শামীম আরা বেগম। তাদের বাড়ি জেলার দাগনভূঞা উপজেলায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, সুগন্ধা পরিবারের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা বাসটি ও আহতদের উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার মাহমুদ তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন।