Sunday, November 22

বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে নতুন জুটি জহির-সাগরিকা

0

বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সখ্য নতুন নয়। এ তালিকায় নতুন করে যোগ হলেন ভারতীয় দলের সাবেক পেসার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগে। তাঁদের দীর্ঘদিনের প্রেম এবার বিয়েতে রূপ পেয়েছে। আজই গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে একেবারেই ঘরোয়া পরিসরে দুজনের রেজিস্ট্রি বিয়ে হয়েছে। জহির ও সাগরিকার মালাবদলের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তাঁদেরই এক বন্ধু। এই অনুষ্ঠানে দুই পরিবারের একেবারেই নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এ দুই তারকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে ২৭ নভেম্বর। তার আগের দিন হবে গায়ে হলুদ অনুষ্ঠান।

শাহরুখ খানের বিখ্যাত ‘চাক দে ইন্ডিয়া’ ছবিটির প্রীতি সাবারওয়াল চরিত্রে মেয়েটির আসল নাম সাগরিকা ঘাটগে। জহির খানের সঙ্গে তাঁর মন নেওয়া-দেওয়ার বেশ কিছুদিন আগে থেকেই। এর পর গত মেতে অনেকটা ঘটা করে বাগদান হয় তাঁদের।

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জহির খান ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেটকে বিদায় বলে দেন। ৯২ টেস্টে ৩১১ উইকেট এবং ২০০ ওয়ানডেতে ২৮২টি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। এখন কোচিংয়ের সঙ্গ যুক্ত। এবার নতুন জীবন শুরু করলেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.