Wednesday, November 18

বাড়ি ফেরার অনুমতি পেলেন ফরহাদ মজহার

0

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার নিজ জিম্মায় মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম মোহাঃ আহসান হাবিবের আদালতে হাজির হয়ে ১৬৪ ধারা মোতাবেক স্বাক্ষী হিসেবে জবানবন্দি দেন ফরহাদ মজহার। পরে আইনজীবীর মাধ্যমে ফরহাদ মজহারের নিজ জিম্মায় মুক্তি চাওয়ার বিষয়ে শুনানি হলে আদালত তা মঞ্জুর করেন। ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয় ফরহাদ মজহারকে। সোমবার রাত সাড়ে ১১টায় যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। সকালে যশোর থেকে ঢাকায় এনে আদাবর থানায় নেয়া হয়। সেখানে তার স্বজনরা সাক্ষাত করেন।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার জানিয়েছেন অজ্ঞাত কয়েক যুবক চোখ বেঁধে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তিনি ওষুধ কেনার জন্য ভোরে বাড়ি থেকে বের হন। এ ঘটনার পর তার আর কিছু মনে নেই।
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রী থানায় একটি জিডি করেন। জিডিটি মামলা আকারে নেয়া হয়েছে। এতে ভিকটিম হিসাবে ফরহাদ মজহারকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তার জবানবন্দি অনুযায়ী তদন্ত করা হবে।
সোমবার টানা ১৮ ঘণ্টা নিখোঁজ রহস্যের পর রাতে ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব। এ সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন। পরে রাত পৌনে ২টার দিকে খুলনার ফুলতলা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি টিমের কাছে তুলে দেয়া হয় ফরহাদ মজহারকে। এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.