উচ্ছেদের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িতে ফের অভিযানে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। উচ্ছেদের ১৭ দিন পর আজ রবিবার সকাল ৯টায় রাজউকের একটি দল গুলশান ২ এর ১৫৯ নম্বর বাড়িটি ভাঙার অভিযান চালাতে যায়।
গুলশান থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই রাজউক তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
রিটের আংশিক শুনানি শেষে আগামী ২ জুলাই পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।
এখন ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করছে রাজউক। সঙ্গে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন বলে জানা গেছে গুলশান বিভাগীয় পুলিশের পক্ষ থেকে। সেখানে উপস্থিত রয়েছেন ডিএমপি গুলশান জোনের উপকমিশনার মো. মোস্তাক আহমেদ খান (পিপিএম, বিপিএম), অতিরিক্ত উপকমিশনার মো. আবদুল আহাদ এর নেতৃত্বে গুলশান থানার পুলিশ। তবে ‘বাড়িটি ভাঙা হচ্ছে’- এমন কোনো বিষয়ে নিশ্চিত করতে পারেননি গুলশান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক-সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।