Saturday, November 7

রাজশাহীতে দুই বাসের মুখমুখি সংঘর্ষ: নিহত ২

0

ঘন কুয়াশায় রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় পরিবহনের সুপারভাইজার আহত মুকুল জানান, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে ছেড়ে বাসটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের সামনে বিপরীতমুখী ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারালে তাদের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক যুবক মারা যান। ধারণা করা হচ্ছে তিনি হৃদয় ট্রাভেলসের নামের পরিবহনের হেলপার ছিলেন।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরো অন্তত ২০ জন। তাদের মধ্যে হাসপাতালে আনার পথে মারা যান আরো একজন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয়রা এগিয়ে আসে হতাহতদের উদ্ধার করতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একতা ট্রাভেলস পরিবহনের বাসটির আংশিক ক্ষতি হয়েছে। তবে হৃদয় পরিবহনের বাসটির অধিকাংশ দুমড়েমুচড়ে হয়ে গেছে। এতে ওই বাসেরই বেশি যাত্রী হতাহত হয়েছে। হৃদয় ট্রাভেলস পরিবহনের বাসের চালক সাইফুল ইসলাম ও সুপারভাইজার মুকুল গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১২ জনকে গোদাগাড়ীর প্রেমতলি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে মুকুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.