কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি লকডাউনের সময় আইন ভঙ্গকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিঘ্ন সৃষ্টি করলে এবং মেডিকেল কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের গুলিও করা হতে পারে। এমন গুরুতর অপরাধ সহ্য করবেন না তিনি।
তিনি বলেন, লকডাউন ভেঙে কেউ রাস্তায় বের হলে গুলি করে মারা হবে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এমন নির্দেশ দেন দুতার্তে। তার ভাষণের পরেই ফিলিপাইনের সব থেকে বড় দ্বীপ লুজানে নেমেছে ভয়ের ছায়া।
করোনাভাইরাস সংক্রমণে দেশটির এই লুজান দ্বীপের বাসিন্দারা এমনিতেই ভীত। দুই হাজারের বেশি সংক্রামিত। ৯০ জনের বেশি মৃত। এই অবস্থায় লুজান দ্বীপে লকডাউন মানার জন্য কঠোর হলেন প্রেসিডেন্ট দুতার্তে। তিনি জানান, কেউ লকডাউন না মেনে বাইরে বের হলেই গুলি করে মারা হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
দুতার্তে এর আগেও কঠোর ভূমিকা নিয়েছিলেন বাড়তে থাকা মাদক কারবারিদের বিরুদ্ধে। তার নির্দেশে পুলিশ ও সেনা অভিযান চালিয়ে বহু মাদক কারবারিকে হত্যা করে। এরপরে ফিলিপাইন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এখন করোনা মোকাবেলায় তেমনই কড়া অথচ বিতর্কিত ভূমিকা নিয়েছে দুতার্তের সরকার।
লুজান দ্বীপে করোনাভাইরাস ছড়াতে থাকায় ফিলিপাইন সরকার দু’মাস আগেই লকডাউন করে পুরো লুজান দ্বীপটিকে। কিন্তু সরকারি নিয়ম ভেঙে অনেকেই বাইরে ঘুরছেন। সামাজিক দূরত্ব সেভাবে বজায় রাখছেন না। এর জেরে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এর পরেই কঠোর হয়ে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট দুতার্তে।