Wednesday, November 4

সোনারগাঁওয়ে লরির ধাক্কায় বাস উল্টে শিশুসহ নিহত ৯

0

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় বাস উল্টে শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সরকার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লরির ধাক্কায় বাস উল্টে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রাখা হয়েছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ দুর্ঘটনার পর মোট ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে নারী শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। চারজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হলেও চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেন এসআই বাচ্চু মিয়া। তাঁরা হলেন শুভ সাহা (১৭) ও ইয়াসিন (৪০)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় একটি ছেলেশিশু (৬) এবং অজ্ঞাতপরিচয় একজন পুরুষও (৬০) নিহত হয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া আরো জানান, ঢাকা মেডিকেলে মোট ১৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.