তালেবানের প্রস্তাবিত সরকারকে ‘অন্তর্ভূক্তিমূলক’ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, কেবল অন্তর্ভূক্তিমূলক সরকার গঠন করলেই তুরস্ক আফগানিস্তানের সঙ্গে কাজ করতে রাজি আছে। জাতিসংঘ সাধারণ পরিষদ এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তালেবান ইস্যুতে আলাপকালে এই শর্তের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।
তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সেদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রসহ বিদেশিরা। এরপর কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সচল করতে কাতারের সঙ্গে কাজ করছে ন্যাটোর সদস্য তুরস্ক।
কাবুল দখলে নেওয়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের ঘোষণাকে স্বাগত জানায় তুরস্ক। সেই সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ও প্রস্তাবিত সরকারের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখেছে তুরস্ক।
গতকাল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, কাবুলে অন্তর্ভূক্তিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি। বলেন, এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তালেবান হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।
এরদোয়ান আরও জানান, যদিও এমন পরিবর্তন তারা এখনো দেখতে পাননি, তবে তালেবান এমন পদক্ষেপ নিলে তাঁরা হয়তো তাদের সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রসর হবেন।
সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন আফগানিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সিহাদ এরগিনে। এই সাক্ষাতের পরই এরদোয়ানের কাছ থেকে তালেবান সরকার সম্পর্কে মন্তব্য এল।
যদিও ওই সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেছিলেন, আফগান জনগণের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের ব্যাপারে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি দেশটির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন।