অপারেশন টেবিলে রোগী রেখেই দুই ভারতীয় ডাক্তারের ঝগড়া

0

অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। তার অস্ত্রোপচার চলছে। ভ্রুণের অবস্থা সংকটজনক। কিন্তু অস্ত্রোপচার যারা করবেন, সেই দুই চিকিৎসক তখন ঝগড়ায় ব্যস্ত।

রীতিমতো গলা ফাটিয়ে চিৎকার করছেন তারা। কথা কাটাকাটি, গালিগালাজ, এমনকি একে অপরকে হুমকিও দিয়েছেন। শেষ পর্যন্ত বচসা মিটিয়ে যখন অপারেশন শেষ করা হল, তখন আর শিশুটি বেঁচে নেই।

চলতি সপ্তাহে ভারতের জোধপুরের উমেদ হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই চিকিৎসকদের এক সহকারী পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন।

এনডিটিভি জানায়, প্রসূতি ওই নারীর অস্ত্রোপচার করার সময় অপারেশন থিয়েটারে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডা. অশোক নয়নওয়াল জানতে চান অস্ত্রোপচারের আগে রোগী কিছু খেয়েছে কিনা। অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. এমএল তক জানান, এক জুনিয়র চিকিৎসক বিষয়টি পরীক্ষা করেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডা. অশোক। একপর্যায়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই চিকিৎসক। রোগীর দিকে নজর না দিয়ে ঝগড়া করতে থাকেন তারা। শেষ পর্যন্ত সহকর্মীদের হস্তক্ষেপে বিবাদ মিটিয়ে অস্ত্রোপচার শেষ করা হয়।

ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার পর অশোক এবং এমএল তককে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন, ‘ওই নারীকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ভ্রুণের অবস্থা ভালো ছিল না। তবুও নবজাতকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনাটির ভিডিও এখন অনলাইনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.