অবশেষে অপু বিশ্বাসকে ডিভোর্স দিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। প্রবীণ এক আইনজীবীর মাধ্যমে সোমবার (০৪ ডিসেম্বর) তিনি অপুর কাছে ডিভোর্স লেটার পাঠান বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
শাকিব-অপুর ডিভোর্স নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো চলচ্চিত্র অঙ্গনে। ডিভোর্স লেটার পাঠানোর মাধ্যমে তার অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে।
এই দম্পতির আব্রাম খান জয় নামে দু’বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপু-শাকিবের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলে আসছিল। যার পরিসমাপ্তি হতে যাচ্ছে সম্পর্ক ছিন্নের মধ্য দিয়ে। যদিও এটি কার্যকর হতে আইন অনুযায়ী তিন মাস সময় লাগবে। আর এর মধ্যে চাইলে তারা এটি বাতিল করে নতুন করে সংসার জীবন শুরুর সুযোগ পাবেন। যদিও সে সম্ভাবনা কম বলেই মনে করছেন তাদের ভক্তরা।
তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়নি।