Wednesday, September 23

অভিজিৎ হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে- মনিরুল ইসলাম

0

লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটপ্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, এ মামলার তদন্তে নয়জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অভিজিৎ হত্যা মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনিরুল ইসলাম।

অভিজিৎকে হত্যার পর র‌্যাব যে সাতজনকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করেছিল, এ ঘটনায় তাঁদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করেন মনিরুল। তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি নয়জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। ১৬৪ ধারায় তাঁরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকিদের মধ্যে একজন ক্রসফায়ারে মারা গেছেন। আর পাঁচজন পলাতক। তাঁরা সবাই আনসার-আল ইসলামের সদস্য বলেও জানান তিনি।

পলাতক আসামিদের ধরতে না পারলে অভিযোগপত্র দিতে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম জানান, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর গ্রেপ্তার করতে না পারলেও চার্জশিট দেওয়ার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত পুলিশের কাছে রয়েছে।

আনসার আল-ইসলামের কর্মকাণ্ড নিয়ে মনিরুল বলেন, অনলাইনে বিচ্ছিন্ন কিছু তৎপরতা ছাড়া তাঁদের আর কোনো কর্মকাণ্ড নেই।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে লেখক অভিজিৎ রায়কে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.