Wednesday, November 25

অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

0

নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে দলীয় মেয়র ও সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা থেকে একশ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে যা যা করার দরকার আমরা সেটা করছি। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ সংঘর্ষের ঘটনা কী কারণে হলো, কারা করলো- তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ধরনের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করছেন না উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। এগুলো বন্ধ না হলে পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় যা যা ব্যবস্থা নেওয়া উচিত, আমরা তা করছি। সেদিন যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।

কেউ আইনের ঊর্দ্ধে নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেবো না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমদ চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.