বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক দল, পক্ষান্তরে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই মূহুর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আগামী নির্বাচনে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ সোমবার সকালে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপিনেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দুজনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আওয়ামী লীগ প্রতিপক্ষের সব ধরনের শক্তি মোকাবিলা করবে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন প্রমুখ।